ইউএনওর প্রাণনাশের চেষ্টার অভিযোগে কর্মচারী গ্রেপ্তার
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমানের প্রাণনাশের চেষ্টার অভিযোগে পুলিশ তাঁর বাসার এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ইউএনওর বাসভবনের নৈশপ্রহরী থানায় মামলা করেছেন।অভিযোগের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানা সূত্র জানায়, গত ৩০ জুলাই রাত সাড়ে তিনটার দিকে ইউএনওর বাসভবনের কর্মচারী (মালি) মনু মিয়া বাসার গোসলখানার ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। গোসলখানায় তিনি দা হাতে ইউএনওর শয়নকক্ষের দিকে যাওয়ার সময় গৃহপরিচারিকা তাঁকে দেখে চিৎকার করে ওঠে। এ সময় মনু মিয়া পালিয়ে যায়।ইউএনওর বাসভবনের নৈশপ্রহরী আবদুর রহিম ১ আগস্ট ইউএনওর প্রাণনাশের চেষ্টার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্ত মনু মিয়াকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেকটি সূত্র জানায়, পুলিশ ৩১ তারিখ সকালে ইউএনওর বাসা থেকে মনু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার পরদিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সভায় ইউএনও বিষয়টি উত্থাপন না করায় ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, অভিযোগটি গুরুতর। ইউএনওর সভাপতিত্বে ঘটনার পরদিন আইনশৃঙ্খলা কমিটির সভা হলো। অথচ তিনি কিংবা ওসি কেউ সেখানে বিষয়টি উত্থাপন করলেন না—এ লুকোচুরির কারণ কী?ইউএনও মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘মনু মিয়া আমার বাসার কর্মচারী। কিছুদিন আগে তিনি ঘিলাছড়ায় সরকারি জায়গায় ঘর নির্মাণ করলে আমি ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। এ ছাড়া মনু মিয়া এক মাসের ছুটি চাইলে আমি ছুটি মঞ্জুর করিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি আমার প্রাণনাশের চেষ্টা করতে পারেন।’ তিনি বলেন, ‘ইচ্ছে করেই আমি বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করিনি।’মামলার তদন্ত কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মনু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী একটি দা জব্দ করা হয়েছে।