থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা দায়ের করতে নির্দেশ দিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিচারিক হাকিমের মতো বিচারিক কার্যক্রম পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। ওই মামলার যাবতীয় নথিপত্র দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর জনপ্রশাসন সচিব, খুলনার জেলা প্রশাসন, পুলিশ সুপার, বটিয়াঘাটার ইউএনও, ওসিসহ সাত বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, সীমান্ত আহমেদ এবং এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৬ আগস্ট বেল্লাল হাওলাদার নামের এক ব্যবসায়ী ইউএনওর কাছে অভিযোগ করেন। অভিযোগের শুনানি শেষে মামলা করতে ওসিকে নির্দেশ দেন ইউএনও। এখানে ইউএনও বিচারিক হাকিমের মতো কাজ করেছেন। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত, মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। ইউএনও বিচারিক হাকিমের ক্ষমতা এখতিয়ারবহির্ভূতভাবে প্রয়োগ করেছেন। এটি ফৌজদারি কার্যবিধির ১০ (৬) লঙ্ঘন। কেননা, নির্বাহী হাকিমেরা কেবল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন—এসব যুক্তিতে রিটটি করা হয়।