ইউএনওর বিদায় অনুষ্ঠান, তাই ভূমি কার্যালয়ে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বৃহস্পতিবার। তাই সকালে তালা খোলা হয়নি বরুমচড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের।
এতে ভূমি কার্যালয়ে কাজে আসা লোকজন ফেরত গেছেন। তবে বেলা সাড়ে ১১টার পর কর্মচারীরা কার্যালয়ে হাজির হন।
জানা গেছে, গতকাল আনোয়ারার ইউএনও মুফিদুল আলমের বিদায় অনুষ্ঠানের যাওয়ার জন্য বরুমচড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের কেউ অফিসে আসেননি। এ কার্যালয়ে একজন ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা, তিনজন এমএলএসএস ও চারজন অস্থায়ী কর্মচারী আছেন।
বেলা ১১টায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, মো. আইয়ুব নামের একজন অস্থায়ী কর্মচারী কার্যালয়ের বাইরে ঘোরাফেরা করছেন। কার্যালয়ে তালা লাগানো থাকায় তিনি ঢুকতে পারেননি।উত্তর বরুমচড়া থেকে মাহমুদুল হক নামের এক ব্যক্তি ওই কার্যালয়ে কাজে আসনে। কিন্তু কার্যালয়ে তালা লাগানো দেখে তিনি ফিরে যেতে বাধ্য হন। ফিরে যাওয়ার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রায় ১০ কিলোমিটার ঘুরে রায়পুর থেকে আসা পঞ্চাশোর্ধ্ব লাল মিয়া বলেন, ‘এত জায়গা ঘুরে এসে দেখি অফিসে কেউ নেই। তাই ফিরে যেতে হচ্ছে।’
বেলা ১১টায় কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান চৌধুরীকে ফোন করা হলে তিনি বলেন, ‘ইউএনও স্যারের বিদায় অনুষ্ঠানে এসেছি আমরা। তবে চলে যাব।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবাইদুর রহমান বলেন, কার্যালয়ে তালা মেরে সবার উপজেলা সদরে আসা ঠিক হয়নি। তাঁদের কার্যালয়ে যেতে বলা হয়েছে।