ইউএনওর বিপক্ষের আ.লীগ নেতারা এখন পক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগে কোটি টাকার ঘুষ-বাণিজ্যের অভিযোগ তুলে এক সপ্তাহ আগে ইউএনওর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ স্থগিতের দাবিতে নেতারা উপজেলা পরিষদের নয়জন চেয়ারম্যানের সঙ্গে এককাট্টা হয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
সেই নেতারা ইউএনওর পক্ষ নিয়ে গত মঙ্গলবার বিক্ষোভ-সমাবেশ করেছেন। তাঁরা ইউএনওকে বহাল ও উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দিতে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতারা চেয়ারম্যানদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে সমাবেশে বলেন, নিয়োগ ভাগাভাগি করতে চেয়ে না পেয়ে এখন বিএনপি-জামায়াতের চেয়ারম্যানরা ইউএনওর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।
উপজেলার নয়জন চেয়ারম্যান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য ১৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গাড়িচালকের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় কমিটির সভাপতি ও চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে ইউএনও তাঁর সরকারি বাসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে নেন। প্রতিটি বিদ্যালয়ে নিয়োগে তিনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। এভাবে ২৮টি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে ইউএনও কোটি টাকা হাতিয়ে নেন।
১ জুলাই ডিসির কাছে দাখিল করা অভিযোগপত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার আট ইউপি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান ও জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের সই ছিল। তবে আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ইউএনওর বিরুদ্ধে কোনো অভিযোগপত্রে স্বাক্ষর করেননি। এক শিক্ষক নেতা তাঁর স্বাক্ষর জাল করেছেন। আসাদুর রহমান বলেন, ‘জামায়াত-বিএনপির চেয়ারম্যানরা নিয়োগ ভাগাভাগি করে নিতে চেয়েছিলেন। অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হয়ে এখন নিয়োগ বন্ধে উঠেপড়ে লেগেছেন। আমরা বলেছি, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিতে হবে। ইউএনও ঘুষ নিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।’
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নয়টিতে দপ্তরি নিয়োগ সম্পন্ন হয়েছে। এসব বিদ্যালয়ে মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। ঘুষের অভিযোগ ওঠায় ১৯টি বিদ্যালয়ের নিয়োগ স্থগিত করা হয়েছে।
ইউএনও চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আটজন ইউপি চেয়ারম্যান তিনটি বিদ্যালয়ে নিয়োগ দিয়ে টাকা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আর উপজেলা চেয়ারম্যান টাকা নিয়ে সব বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। ভাগ না পেয়ে তাঁরা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।