ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ভেজাল জ্বালানি তেল বিক্রি ও মজুত রাখার অপরাধে সিলগালা করা পেট্রলপাম্প অবৈধভাবে খুলে দেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর মান্দা উপজেলার ইউএনওর বিরুদ্ধে। পাম্পটির মূল মালিক ওয়াজেদ আলী মোল্লা এ অভিযোগ করেন।
ওয়াজেদ আলী বলেন, রাজশাহী-নওগাঁ সড়কের পাশে উপজেলার চৌদ্দ মাইল এলাকায় অবস্থিত মেসার্স জয় ফিলিং স্টেশনটি ২০১৫ সালের ৮ নভেম্বর রাজশাহীর নওহাটা এলাকার বাসিন্দা এনামুলের কাছে শর্তসাপেক্ষে সাত বছরের জন্য ভাড়া দেন। শর্তের মধ্যে ছিল, ‘সমস্ত জ্বালানি তেল মেসার্স জয় ফিলিং স্টেশনের লাইসেন্সে পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে তুলতে হবে।’ কিন্তু সেই শর্ত ভঙ্গ করে এনামুল তাঁর পাম্পে বাইরে থেকে ভেজাল তেল আমদানি করে বিক্রি করছিলেন। বিষয়টি জানার পর গত ২ মার্চ তিনি ইউএনওর কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ ভ্রাম্যমাণ আদালত এনামুল হক ও তাঁকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। আদালতের নির্দেশে পরীক্ষার জন্য ওই পাম্প থেকে ডিজেল, পেট্রল ও অকটেনের নমুনা বিএসটিআইয়ের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর পেট্রলপাম্পটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ২ আগস্ট পাম্পটি পুনরায় খুলে দেওয়া হয়।
ওয়াজেদ আলী অভিযোগ করেন, ‘আমাকে, বিপিসি ও পদ্মা অয়েল কর্তৃপক্ষকে না জানিয়ে অর্থের বিনিময়ে ইউএনও অবৈধভাবে পাম্পটি খুলে দিয়েছেন। এটা ইউএরও পারেন না।’
ইউএনও সাইফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাম্পটি অস্থায়ীভাবে সিলগালা করা হয়েছিল। এখন সেটি স্থায়ীভাবে বন্ধের দায়িত্ব পদ্মা অয়েল কর্তৃপক্ষের।’