ইউএনওর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজিবি সেক্টর সদর দপ্তরের নির্ধারিত জমি না নিয়ে আদিবাসীদের জমি পরিমাপ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ আদিবাসীরা সরকারি কর্মকর্তা হয়ে সরকারি সিদ্ধান্তের উপেক্ষাকারী ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও দানেশপাড়ায় নির্ধারিত জমিতে সেক্টর সদর দপ্তর করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।রোয়াংছড়ির ইউএনও সাইফুল ইসলাম মজুমদার বলেন, নির্বাচিত জমির ওপর জনবসতি থাকায় নীতিমালা অনুযায়ী যেখানে বসতবাড়ি নেই, সেখানে তিনি জমি পরিমাপ করে দিয়েছেন।বিজিবির দাপ্তরিক দলিলপত্রে জানা গেছে, জেলা শহরের উপকণ্ঠে সাইঙ্গ্যা দানেশপাড়া এলাকায় বিজিবি সেক্টর সদর দপ্তর স্থাপনের জন্য ২৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। ওই জমি রোয়াংছড়ি উপজেলার তারাছা মৌজায় অবস্থিত। এ জন্য রোয়াংছড়ির ইউএনওকে জমি পরিমাপ করে মতামত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তেঁতুলপাড়ার বাসিন্দা মেগ্য মারমা, ফাক্ষ্যংপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) রে অং মারমা অভিযোগ করেন, ইউএনও দানেশপাড়ার একটি পরিবারকে রক্ষা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের পাড়ার ৮০টি মারমা আদিবাসী পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র করছেন।জেলা প্রশাসকের কাছে ইউএনওর দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, বিজিবির জন্য দানেশপাড়ায় নির্ধারিত জমি নেওয়া হলে ২০০ বছর ধরে বসবাস করে আসা ১৭টি পরিবার উচ্ছেদ হবে। তাই জমি অধিগ্রহণের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। কিন্তু দানেশপাড়ার মোহাম্মদ মোর্শেদ ও ইউছুফের স্বাক্ষরিত অধিগ্রহণ আপত্তির দরখাস্তে ১৭ পরিবার নয়, একই পরিবারের ১৭ জনের স্বাক্ষরের কথা বলা হয়েছে। ২০০ বছর ধরে নয়, তাঁরা সেখানে ১৯৮১ থেকে ১৯৮৭ সালের বিভিন্ন সময়ে ১৫ একর জমি কিনে বসবাস করছেন বলে দলিলপত্রে উল্লেখ রয়েছে।সাইফুল ইসলাম মজুমদার উদ্দেশ্যমূলকভাবে আদিবাসীদের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমি অধিগ্রহণ নীতিমালা অনুযায়ী যেখানে ক্ষতি কম হবে, সেখানে বিকল্প জমির সন্ধান করা হয়েছে। আপত্তি দরখাস্তে একই পরিবারের ১৭ সদস্যের স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে তিনি সরেজমিনে ১৭ পরিবার পেয়েছেন বলে জানান। তেঁতুলপাড়া ও ফাক্ষ্যংপাড়াবাসী স্মারকলিপি দিতে গেলে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ভূমি অধিগ্রহণে কারও ক্ষতি না হয়, এমন ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের আশ্বাস দেন।