ইউএনওর বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দাপ্তরিক কাজে অসহযোগিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন একই উপজেলার চেয়ারম্যান। নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মাহমুদুল গণি এসব অভিযোগ তোলেন।উপজেলা চেয়ারম্যান বলেন, ইউএনও মিনা মাসুদ উজ্জামান উপজেলা পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করছেন না। তিনি উপজেলার কোনো দাপ্তরিক কাজেও সহযোগিতা করেন না। বরং উন্নয়নকাজে নানাভাবে বাধা দিচ্ছেন। মাহমুদুল গণি দাবি করেন, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁর জন্য পিয়ন ও ব্যক্তিগত সহকারী দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও ইউএনও ওই চিঠি গায়েব করে দেন। তাঁকে পিয়ন ও ব্যক্তিগত সহকারী দেননি। চেয়ারম্যান অভিযোগ করেন, উপজেলায় সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে ডিলারদের কাছ থেকে ৪৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন ইউএনও। সংবাদ সম্মেলনে উপজেলার ভাইস চেয়ারম্যান মুন্তাসিম বিল্লাহ ও নাসরিন আক্তার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসব অভিযোগ মিথ্যা উল্লেখ করে ইউএনও বলেন, ‘ঘটনা বরং উল্টো। স্থানীয় একটি মত্স্যজীবী সমিতিতে উপজেলা চেয়ারম্যান তাঁর পছন্দের কিছু লোককে অবৈধভাবে সদস্য করতে ব্যর্থ হয়ে তিনি গত ৯ মার্চ দুপুরে সমবায় অফিসের এক সহকারী পরিদর্শককে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন। ওই ঘটনায় সমবায় অফিস থেকে আমার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। আমি অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হন।’ইউএনও আরও বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যানের নানা অনিয়ম ও অনৈতিক কাজে বাধার সৃষ্টি করছি।’