ইউএনওর বিরুদ্ধে কর্মচারী লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথামতো আরেক কর্মচারীকে আনতে না পারায় পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত উপজেলার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিচার দাবি করে গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে জানা গেছে, ইউএনও মামুনুর রশিদ মঙ্গলবার চতুর্থ শ্রেণীর কর্মচারী সুকান্ত বর্মণকে নির্দেশ দেন তাঁর কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) জাকির হোসেনকে কান ধরে তাঁর রুমে আনতে। তাঁর নির্দেশমতো কাজ করতে না পারায় ইউএনও ক্ষিপ্ত হয়ে সুকান্তের গালে থাপড় মারেন। এ ঘটনায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে যোগদানের পর থেকেই ইউএনও উপজেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রূঢ় আচরণ করেন। ছোটখাটো বিষয় নিয়ে দুর্ব্যবহার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, ইউএনওর বিরুদ্ধে সরকারি কাজে ধীরগতি, উন্নয়নকাজে অসহযোগিতা, ফাইলে স্বাক্ষর করতে কালক্ষেপণ এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
ইউএনও মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে তাঁরা এমন অভিযোগ করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এমন অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি।’