ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আনজুমান আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত ৩১ মার্চ ওই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের আদেশ দিয়েছেন। কয়েক দফা সময় নিয়েও সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় আলমডাঙ্গা সহকারী জজ আদালতের বিচারক মো. ছানাউল্লাহ গতকাল রোববার দুপুরে এই আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নান্দবার গ্রামের কুদ্দুস হোসেন ২০০৭ সালে ওই আদালতে একটি দেওয়ানি মামলা করেন। মামলায় সরকারের পক্ষে জেলা প্রশাসককে বিবাদী করা হয়। মামলার আরজিতে বলা হয়, ১৯৮৮ সালে ৩৪ শতক জমি কিনে তিনি চাষাবাদ করে আসছিলেন। বাংলা ১৪১৩ সনের ১৫ আষাঢ় বড় গাংনি ইউনিয়ন ভূমি কার্যালয়ে খাজনা দিতে গেলে তহশীলদার জানান, ওই জমি সরকারের ১ নম্বর দাগের খাস খতিয়ানের। এরপর তিনি আদালতে মামলা করেন।ওই মামলায় গতকাল রোববার ছিল সাক্ষ্য গ্রহণের দিন। মামলার সাক্ষী আলমডাঙ্গার ভারপ্রাপ্ত সহকারী কমিশনারকে (ভূমি) এদিন নথিসহ আদালতে হাজিরা দিতে আগেই সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি।