ইউএনওর বিরুদ্ধে চেয়ারম্যানদের অভিযোগ, সভা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে উপজেলার আটজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গতকাল রোববারের মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন।
সভা বর্জন করা চেয়ারম্যানরা হলেন স্বরূপকাঠি সদর ইউপির মো. আল আমিন, গুয়ারেখার সুব্রত কুমার ঠাকুর, সোহাগদলের মো. আবদুর রশিদ, সুদিয়াকাঠির মো. আবদুল হক, জলাবাড়ীর মো. তৌহিদুল ইসলাম, সমুদয়কাঠির মো. সবুর তালুকদার, দইহািড়র মো. মিজানুর রহমান ও বলদিয়ার মো. শাহীন মিয়া।
একাধিক ইউপি চেয়ারম্যান জানান, ইউএনও মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলার হাটবাজারগুলোর ইজারা দেওয়াসহ বিভিন্ন প্রকল্পের নামে অর্থ ব্যয়ে অনিয়ম ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে অসদাচরণ করায় বেশির ভাগ চেয়ারম্যান তাঁর ওপর ক্ষুব্ধ। এ কারণে উপজেলার ১০টি ইউপির আট চেয়ারম্যান গতকাল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হননি। ওই সভায় শুধু কুরিয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার শিকদার ও সারেঙ্গকািঠ ইউপি চেয়ারম্যান মো. সায়েম উপস্থিত ছিলেন।
সুব্রত কুমার ঠাকুর প্রথম আলোকে বলেন, ইউএনও উপজেলা পরিষদকে ইচ্ছেমতো চালাচ্ছেন। তিনি পরিষদের প্রকল্প ও অর্থের তথ্য চেয়ারম্যানদের দিচ্ছেন না। সমন্বয় সভায় চেয়ারম্যানদের মতামত উপেক্ষা করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এমনকি তিনি ইউপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করছেন। ইউএনওর বিরুদ্ধে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসককে জানানোর পরও কোনো প্রতিকার না পেয়ে চেয়ারম্যানরা সমন্বয় সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে প্রত্যাহার না করা পর্যন্ত আট চেয়ারম্যান উপজেলা পরিষদের সভায় যোগ দেবেন না৷
মো. আল আমিন অভিযোগ করেন, হাটবাজারের ইজারা প্রদানে অনিয়ম ও উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নামে ব্যয় করা অর্থের বিষয়ে চেয়ারম্যানরা জানতে চাইলে ইউএনও এড়িয়ে যান। এ ছাড়া তিনি চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহার করেন।
ইউএনও মিজানুর রহমানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান বলেন, আট চেয়ারম্যান বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁদের প্যানেল চেয়ারম্যানরা সভায় ছিলেন।
তবে আল আমিন বলেন, ‘আমার কোনো প্রতিনিধি বা প্যানেল চেয়ারম্যান ওই সভায় যাননি৷’ সুব্রত কুমার ঠাকুর বলেন, ‘শুনেছি আমার ইউনিয়ন পরিষদের এক সদস্য ওই সভায় ছিলেন৷ তবে তিনি প্যানেল চেয়ারম্যান নন। আমার প্রতিনিধিও নন। তাঁকেসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকজন সদস্যকে ইউএনও ডেকে নিয়ে সভা করেছেন।’