ইউএনওর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান। জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনওর উপস্থিতিতেই তিনি এই অভিযোগ করেন। গত রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সভায় শাহিনুজ্জামান অভিযোগ করেন, নগরকান্দার কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের চক্র রয়েছে। তাঁরা উপজেলার মাসিক সমন্বয় সভায় যোগ দেন না। কিন্তু পরে তাঁরা উপস্থিতির বইয়ে স্বাক্ষর করেন। তিনি এতে বাধা দিলে ইউএনও ইউপি চেয়ারম্যানদের সামনেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
চেয়ারম্যান বলেন, ‘ইউএনও গত জুন মাসের শেষ সপ্তাহে বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়ার জন্য ইউএনও ইউপি চেয়ারম্যানদের প্ররোচিত করছেন।’
ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে সভার সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী তাঁকে নিবৃত্ত করেন। পরে মন্ত্রী বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে জেলা প্রশাসককে ভূমিকা রাখতে অনুরোধ করেন।
প্রকাশ্যে এভাবে অভিযোগ উপস্থাপন শোভন হয়নি মন্তব্য করে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, নগরকান্দা উপজেলার আগামী মাসিক সমন্বয় সভায় অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার কোদালীয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান মো. রফিকুজ্জামান বলেন, ‘আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জাতীয় সংসদের উপনেতা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ইউএনও প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা আপত্তিকর। আমি এ ঘটনায় খুবই লজ্জিত। কোনো প্রকল্পের দায়িত্বে আমি থাকি না। আমার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান যে অভিযোগ এনেছেন, তা সত্য নয়।’
গত ২৭ ফেব্রুয়ারি নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থিত প্রার্থী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার। ওই নির্বাচনে মনিরুজ্জামানকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী শাহিনুজ্জামান।