ইউএনওর বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াৎ মো. রহমতুল্লাহর বিরুদ্ধে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় লালন চন্দ্র সেন নামের ওই শিক্ষক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাটগ্রাম উপজেলা শাখায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউড়া ১ নম্বর শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রহরী কাম নৈশপ্রহরী নিয়োগ নিয়ে ইউএনওর সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বন্দ্ব চলে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে লালন চন্দ্র সেনকে ইউএনও তাঁর কক্ষে ডেকে নেন। সেখানে লালন চন্দ্র সেনের ওপর চড়াও হন ইউএনও। একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করে দোতলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। তবে ইউএনও বলেন, ‘ঠিকমতো স্কুল করেন না বলে আমি শুধু ওই শিক্ষককে বকাবকি করেছি মাত্র।’