ইউএনওর মামলার বিচারককে বদলির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইনকে অন্যত্র বদলির প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। প্রস্তাবটি গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে পৌঁছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, বরিশালের সিএমএম মোহাম্মদ আলী হোসাইনকে অন্যত্র বদলির জন্য আইন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের (বর্তমানে বরগুনার ইউএনও) বিরুদ্ধে হওয়া পাঁচ কোটি টাকার মানহানি মামলায় বিচারক ছিলেন মোহাম্মদ আলী হোসাইন।

আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওই বিচারকের বিরুদ্ধে সার্কিট হাউস ও গ্রিনলাইন সার্ভিসের ভাড়া না দেওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এসব বিষয়ে সার্বিক তদন্ত ও তাঁকে অন্যত্র বদলি করতে ওই প্রস্তাব পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, ইউএনওকে হেনস্তার ঘটনার জেরে বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাঁরা এই বদলির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।