ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ
বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ঢাকার ধামরাইয়ের দুই স্কুলছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ হয়েছে। সেই সঙ্গে জরিমানাও করা হয়েছে দুই স্কুলছাত্রীর স্বজনদের।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, বড়াকই গ্রামের নবম শ্রেণিপড়ুয়া এক মেয়ের (১৪) বিয়ের আয়োজন করা হয়েছিল আজ বুধবার। বিয়ে উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রণ করা হয়েছিল পাঁচ শতাধিক লোক। এলাকাবাসীর মাধ্যমে মেয়েটির বিয়েতে অনীহার কথা জানতে পেরে প্রথম আলোর পক্ষ থেকে বিষয়টি জানানো হয় ধামরাইয়ের ইউএনও আবুল কালামকে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে আবুল কালাম ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন। তিনি মেয়ের মা-বাবাসহ স্বজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় তিনি মেয়ের বাবা ও দাদাকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করেন। পরে তিনি অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার মুচলেকা আদায় করেন।
এর পরপরই ইউএনও যান পাশের বাড়িতে। ওই বাড়িতে তখন সাজসজ্জার কাজ চলছিল। ওই বাড়ির দশম শ্রেণিপড়ুয়া মেয়েরে আগামী শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। তিনি মেয়ের মা-বাবাসহ স্বজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় তিনি মেয়ের নানাকে এক হাজার টাকা জরিমানা করেন। তিনি (নানা) এ বিয়ের ব্যবস্থা করেছিলেন। এখানেও ইউএনও অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার মুচলেকা নেন।
যোগাযোগ করা হলে কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, ‘আমার বাড়ির কাছে বাল্যবিবাহের আয়োজন করা হলেও আমার তা জানা ছিল না। ইউএনওর কাছ থেকে আমি বিষয়টি জানতে পেরেছি। আমার ইউনিয়নে আর যাতে কোনো বাল্যবিবাহ না হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
ইউএনও বলেন, ‘ধামরাইয়ে বালবিবাহের প্রবণতা বেশি। যেখান থেকেই খবর পাচ্ছি, সেখানেই আমি নিজে উপস্থিত হয়ে বিয়ে বন্ধসহ জরিমানা করছি। পাশাপাশি এলাকার লোকজনদের সচেতন করতে নানাভাবে প্রচারণা চালাচ্ছি।’