ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আসর সাজানো। মাথায় পাগড়ি পরে কনের বাড়িতে উপস্থিত বর। লাল শাড়ি পরে নববধূ সেজেছে মেয়েটিও। কাজিও উপস্থিত। শুধু বিয়ের আনুষ্ঠানিকতা বাকি। এমন সময় দুর্গম পথ পাড়ি দিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিয়েতে বাদ সাধলেন তিনি। কারণ, কনের বয়স মাত্র ১০ বছর। এভাবে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল মেয়েটি। গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কৃষক আবুল বাশারের মেয়ের সঙ্গে জাহাজমারা গ্রামের সফি আলমের ছেলে আবদুর রহিমের (১৮) বিয়ে ঠিক হয়। মেয়েটি উপজেলার তমরদ্দি কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল গতকাল বাল্যবিবাহের বিষয়টি মুঠোফোনে প্রথম আলোর এ প্রতিনিধির কাছে জানান। প্রতিনিধি বিষয়টি দ্রুত ইউএনও মাহিদুর রহমান ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনকে জানান। কাজি ওই শিশু মেয়ে ও রহিমের বিয়ে পড়ানোর কয়েক মিনিট আগে গতকাল প্রথম আলোর প্রতিনিধিসহ বিয়ের আসরে উপস্থিত হন তমরদ্দি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) অনিল দেবনাথ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কাজি। এর কিছুক্ষণ পর দুর্গম মেঠোপথ ও দুটি বাঁশের সাঁকো পার হয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন ইউএনও মাহিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। পরে ইউএনও বিয়ে বন্ধ করে হবু বর রহিম, তাঁর হবু শ্বশুর আবুল বাশারকে পুলিশে সোপর্দ করেন। তবে ক্ষমা চাওয়ায় তাঁদের পরে ছেড়ে দেওয়া হয়।