ইউএনওর হস্তক্ষেপে মুক্ত হলো একঘরে আদিবাসী পরিবারটি
নওগাঁর নিয়ামতপুরের পাড়ইল ইউনিয়নের মাসনা গ্রামের একঘরে করে রাখা পরিবারটিকে সংকট থেকে গত শনিবার মুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
নিয়ামতপুরের ইউএনও সাজ্জাদুল ইসলাম ওই গ্রামে গিয়ে গ্রাম্য বিচারক মোড়ল লালচান টপ্প্য, স্কুলশিক্ষক বতিন চন্দ্র সরকারসহ গ্রামের নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যতিন লাকড়া ও মুংলী খালকোর বিরুদ্ধে একঘরে করে রাখার গ্রাম্য বিচারকদের রায় প্রত্যাহার করার নির্দেশ দেন। অন্যথায় তাঁদের (গ্রাম্য বিচারকদের) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য বিচারকেরা আদিবাসী পরিবারটির বিরুদ্ধে একঘরে করে রাখার রায় প্রত্যাহার করে নেন।
ইউএনও সাজ্জাদুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার প্রথম আলোয় “আদিবাসী একটি পরিবার দেড় মাস একঘরে” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমার নজরে আসে। এর পর আমি শনিবার মাসনা গ্রাম পরিদর্শন করি এবং গ্রাম্য বিচারক ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে পরিবারটিকে একঘরে অবস্থা থেকে মুক্ত করি। এ ছাড়া আমি সব ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত থাকার জন্য গ্রামবাসীকে আহ্বান জানাই। এর পরও যদি গ্রাম্য কবিরাজের (ওঝা বা গণক) কথা বিশ্বাস করে কারও প্রতি নিপীড়নমূলক আচরণ করা হয়, তাহলে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ার করে দিই।’