ইউএনওর হাড়গোড় ভাঙার হুমকি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীনের হাড়গোড় ভেঙে দোতলা থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল হক ভূঁইয়া।গত বুধবার ইউএনওর কক্ষে এ হুমকি দেওয়ার সময় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে ইউএনও জাকিয়া ঘটনাটি ঢাকা বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা প্রশাসককে জানান। ওই দিনই তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়াকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেছেন। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামি এমদাদুলকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার এজাহার ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত বুধবার ছিল উপজেলার ১২টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত তারিখ। সে অনুযায়ী জনপ্রতিনিধিরা নির্ধারিত অনুষ্ঠানস্থল চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে জড়ো হন। কিন্তু চণ্ডীপাশা ইউপির জনপ্রতিনিধিরা নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত থাকতে পারেননি। ইউএনও জাকিয়া পারভীন বলেন, প্রচণ্ড গরমে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট অপেক্ষার পর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়ার পরামর্শে উপস্থিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করিয়ে তখনকার মতো অনুষ্ঠান শেষ করা হয়।কিছুক্ষণ পর চণ্ডীপাশা ইউপির নবনির্বাচিত সদস্যরা ইউএনওর কার্যালয়ে উপস্থিত হলে জাকিয়া পারভীন তাঁদের বলেন, আপনারা জনপ্রতিনিধি। আপনাদের সময়জ্ঞান থাকা উচিত। পরে তিনি তাঁদেরও শপথবাক্য পাঠ করান। কিছুক্ষণ পর চণ্ডীপাশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া ঝড়ের বেগে ইউএনওর কক্ষে প্রবেশ করে শপথের বিষয় কেন তাঁদের চিঠি দিয়ে জানানো হয়নি, তাঁর কারণ জানতে চান এবং গালিগালাজ করেন।ইউএনও তাঁর উদ্দেশে বলেন, শপথের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সবাইকে মৌখিকভাবে ও আইনসঙ্গতভাবে জানানো হয়েছে। সে অনুযায়ী তাঁর ইউনিয়নের নির্বাচিতরা ছাড়া সবাই উপস্থিত হয়েছেন।এ কথা বলার সঙ্গে সঙ্গে এমদাদুল হক ক্ষিপ্ত হয়ে ইউএনওর দিকে তেড়ে যান। কক্ষে উপস্থিত লোকজন তাঁকে থামান। এ সময় ইউএনওর উদ্দেশে এমদাদুল বলতে থাকেন, ‘আমাকে আইন শেখাবেন না। হাড়গোড় ভেঙে দোতলা থেকে ফেলে দেব। অফিস থেকে উঠিয়ে নেব।’ওই সময় ইউএনওর কক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, আচারগাঁও ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বেণু, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা আবদুস সাত্তারসহ ইউএনওর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঘটনার আকস্মিতায় তাঁরা সবাই হতবাক হয়ে যান। একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণে ইউএনও জাকিয়া পারভীনের চোখে পানি চলে আসে।ইউএনও জাকিয়া পারভীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সে সময় উপস্থিত উপজেলা প্রশাসনের অন্য বিভাগীয় প্রধানদের সামনেই চেয়ারম্যান এমদাদুল আমাকে অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।’জানতে চাইলে নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউপি নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জুয়েল আশরাফ বলেন, ‘একজন জনপ্রতিনিধির এ রকম আচরণে আমরা সবাই হতবাক।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘সরকারি কর্মকর্তার অফিসে এসে হুমকি দেওয়া জনপ্রতিনিধির অযোগ্যতা প্রমাণ করে।’এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘শপথ গ্রহণের চিঠি না পাওয়ায় আমার ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। আমি তাঁদের বিশেষ ব্যবস্থায় নান্দাইল নিয়ে আসি। চিঠি না দেওয়ার বিষয়টি ইউএনওর কাছে জানতে গেলে তিনি আমার ইউপি সদস্য ও আমার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেন। আমি তাঁকে কোনো রকম হুমকি দেইনি।’যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া বলেন, ‘সরকার যেখানে নারীনীতি বাস্তবায়ন করতে যাচ্ছে, সেখানে একজন ঊর্ধ্বতন নারী সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, তা সবাইকে ভাবিয়ে তুলছে। অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’এদিকে গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলা কমপ্লেক্স মাঠে পুলিশ দেখা যায়। দুপুর ১২টার সময়ও ইউএনওর কার্যালয়ে যাননি। ভয়ে বাসায় বসে অফিসের কাজ করছিলেন। নান্দাইল উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন, আসামি এমদাদুলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এ ব্যাপারে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে আসামিকে খুঁজে পাওয়া যায়নি। সম্ভবত তিনি পলাতক। তাঁকে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।’