ইউএনওসহ চার কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি
কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তা-কর্মচারীকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এ তাহের। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার তাঁরা ঢাকা-২ আসনের সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে অভিযোগ করেছেন।জানা গেছে, বুধবার বিকেলে কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ছাত্রলীগ নেতা তাহের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের বাসায় গিয়ে তাঁর ছোট ভাই স্বপনকে কেন ফেয়ার প্রাইসের ডিলার নিয়োগ দেওয়া হয়নি তা জানতে চান। এ নিয়ে তিনি নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ বলেন, ‘এ বিষয়ে ইউএনও আমাকে মৌখিকভাবে অবহিত করেছেন।’ এ বিষয়ে এম এ তাহের বলেন, ‘আমি ইউএনও ম্যাডামের কাছে একটি কাজের জন্য গিয়েছিলাম কিন্তু তাঁকে হুমকি দেওয়া হয়নি।’ অন্য অভিযোগগুলো অস্বীকার করলেও পুলিশ কনস্টেবল গোলাম নবীর সঙ্গে দুর্ব্যবহারের কথা স্বীকার করে বলেন, ‘তাঁর কাছে ক্ষমা চেয়ে আপস-মীমাংসা করে ফেলেছি।’