সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাববীর আহমদসহ চারজন কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল বুধবার উপজেলা সদরে সমাবেশ করে তিন দিনের মধ্যে তাঁদের প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বানে গতকাল সকাল থেকে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বাস, সাইকেল ও মোটরসাইকেলে করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সকাল ১০টার দিকে একটি বিশাল মিছিল উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জাফরুল আলম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আযম।শফিউল আযম বলেন, মহাজোট থেকে সাংসদ নির্বাচিত হয়েও জাতীয় পার্টির নেতা গোলাম রেজা আওয়ামী লীগের নেতাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তিনি আওয়ামী লীগকে দুর্বল করার জন্য জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের হারানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়ন করেন ইউএনও সাববীর আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ও পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ। ওই চার কর্মকর্তাকে শ্যামনগরের মানুষ আর দেখতে চায় না।জগলুল হায়দার ঘোষণা করেন, চার কর্মকর্তাকে তিন দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।সমাবেশের সময় শ্যামনগর সদরে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।ইউএনও সাববীর আহমদ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। কেন এই অভিযোগ উঠছে, তিনি তা জানেন না। নির্বাচন কর্মকর্তা আবু দাউদ বলেন, ‘নির্বাচনে কারও পরিকল্পনামতো কাজ করার সুযোগ নেই।’ ওসি নাজমুল হুদা জানান, নির্বাচনের সময় তিনি অন্য থানায় ছিলেন। পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ বলেন, অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করেছেন।অভিযোগ প্রসঙ্গে জানতে সাংসদ গোলাম রেজার সঙ্গে মুঠোফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।