ইউএনওসহ ১০ কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা প্রশাসনের ১০ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। অন্য উপজেলা বা দপ্তরের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই কার্যালয়গুলোর কাজ জোড়াতালি দিয়ে চলছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের ২৪টির মধ্যে ১০টি দপ্তরের প্রধান কর্মকর্তার পদ শূন্য। ইউএনও মাহবুব আলম গত ১৮ সেপ্টেম্বর বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা গত ১৫ ফেব্রুয়ারি বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে বাজিতপুরের ইউএনও ভাস্কর দেবনাথ বাপ্পি একই সঙ্গে নিকলীর ইউএনও ও সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ চার বছর ধরে শূন্য। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আলী হোসেন ২০১০ সালে অবসরে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান গত ২১ এপ্রিল বদলি হয়ে গেলে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈনুর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলা বিএডিসি (সেচ) প্রকৌশলী রফিকুল ইসলাম এক বছর আগে বদলি হয়ে চলে গেছেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তার পদটি দীর্ঘ তিন বছর ধরে শূন্য। ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কটিয়াদী উপজেলার বন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গত আগস্ট মাসে বদলি হয়ে গেছেন। ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। উপজেলা প্রকৌশলী গত জুন মাসে বদলি হয়ে চলে যান। এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারী প্রকৌশলী আ. রহমান মুঈন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি এক বছর থেকে শূন্য রয়েছে। এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পাকুন্দিয়া জনস্বাস্থ্য প্রকৌশলী খালেদুর রহমান।