ইউএনওসহ ১২ কর্মকর্তার পদ শূন্য
বগুড়ার ধুনটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রাণিসম্পদ কর্মকর্তা, সেটেলমেন্ট কর্মকর্তা, বন কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তাসহ ১২টি কর্মকর্তার পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ৮ জুন থেকে ইউএনও বদলির কারণে পদটি শূন্য হয়ে পড়েছে। এ ছাড়া প্রায় ২০ বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভূমি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। একই কার্যালয়ের কানুনগো এক বছর আগে অন্যত্র বদলি হয়েছেন। কিন্তু তাঁর পদে এখনো কেউ যোগদান করেননি। বছর খানেক আগে বদলি হয়ে চলে গেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ফলে এই কার্যালয়ের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে।
দুই বছর ধরে উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার অভাবে ভূমি জরিপকাজে চলছে স্থবিরতা। এ ছাড়া কার্যালয়ে রয়েছে জনবল-সংকট। এ ছাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার পদটিও দুই মাস ধরে শূন্য রয়েছে। এক বছর ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা নেই।
সহকারী কর্মকর্তা দিয়ে চলছে এ পদের কার্যক্রম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নেই প্রায় দুই বছর ধরে। উপজেলা খাদ্য কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। এ ছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা, বন কর্মকর্তা ও আনসার-ভিডিপি কর্মকর্তাদের পদটাও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়া এসব পদে ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় অধীন অন্য কর্মকর্তা-কর্মচারীরাও সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হন না। এতে এসব দপ্তরে কাজ করতে এসে জনসাধারণ দিনের পর দিন হয়রানির শিকার হন।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম বলেন, বদলির কারণে ইউএনওসহ এসব কর্মকর্তার পদ অনেক দিন ধরে শূন্য রয়েছে। এতে উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে শূন্য পদগুলোতে কর্মকর্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়েছে।