সিরাজগঞ্জ জেলার দুর্গম চরাঞ্চলের চৌহালী উপজেলার প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ১৪টি দপ্তর কর্মকর্তাশূন্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে স্থবিরতা। এতে জনগণও বঞ্চিত হচ্ছেন সেবা থেকে।
জেলা, উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে বদলিজনিত কারণে চৌহালীতে ইউএনওর পদ শূন্য হয়। এ ছাড়া প্রায় দুই বছর ধরে সহকারী কমিশনার (ভূমি), এক বছর ধরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, দুই বছর ধরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, তিন বছর ধরে চৌহালী থানার পরিদর্শক (তদন্ত), চরজীবিকায়ন প্রকল্প কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা, সঞ্চয় ব্যাংক কর্মকর্তা এবং টেলিফোন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির অনেক পদও শূন্য। ফলে এসব প্রশাসনিক দপ্তরের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা জানান, উপজেলাটির ৯০ ভাগই চরাঞ্চলে অবস্থিত। চরের লোকজন জরুরি সব ধরনের সেবা থেকে এমনিতেই বঞ্চিত হন। যেকোনো কাজের জন্য একজন মানুষকে দুর্গম পথ পার হয়ে একাধিকবার সরকারি কার্যালয়ে আসতে হয়। তারপর সেখানে এসে কর্মকর্তা না পেলে ভোগান্তির সীমা ছাড়িয়ে যায়। সাব-রেজিস্ট্রার না থাকায় জমি নিবন্ধন করাসহ নানা কাজ থমকে আছে। সহকারী কমিশনার (ভূমি) না থাকায় সাধারণ মানুষ জমির খাজনা দিতে ও খারিজ করাতে পারছেন না।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, এই উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় এ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা থাকতে চান না। এখানে যোগ দিয়েই তাঁরা বদলির জন্য তদবির শুরু করেন।
চৌহালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত বেলকুচি উপজেলার ইউএনও সাইফুল হাসান বলেন, যোগাযোগ সমস্যায় চৌহালী গিয়ে দায়িত্ব পালন করায় কিছু সমস্যা হচ্ছে। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং মুঠোফোনে অনেক বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন। এ ছাড়া সপ্তাহে দু-তিন দিন চৌহালী থেকে সন্ধ্যায় ফাইলপত্র বেলকুচি নিয়ে এসে বিভাগের কর্মচারীরা স্বাক্ষর করিয়ে নিয়ে যাচ্ছেন।
চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ্ আল মামুন বলেন, এমনিতেই চৌহালী উপজেলা অবহেলিত। তারপরও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য। এতে জনগণ তাঁদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন দপ্তরের জেলা প্রধানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি।
সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, ‘বিষয়গুলো অবগত করে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’