ইউএনওসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের গঙ্গাচড়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় চারটি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ২০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার রাতে পৃথক চারটি মামলা করেছে।মামলার আসামিরা হলেন গঙ্গাচড়ার ইউএনও মুহাম্মদ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম মিজানুর রহমান ও প্রকল্প কমিটির সভাপতি-সদস্য ১৮ জন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় চারটি প্রকল্পে ২১ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লংকেশ্বরের বাড়ি থেকে বড় রূপাই বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পে ছয় মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ ছিল। এর মধ্যে প্রায় ১৮ শতাংশ কাজ একেবারেই করা হয়নি। খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া কবরস্থান থেকে খলেয়ার দোলা পর্যন্ত বরাদ্দ পাঁচ মেট্রিক টন গমের কাজের প্রায় ২০ শতাংশ করা হয়নি।বেতগাড়ি ইউনিয়নের বেতগাড়ি পাকা সড়ক থেকে গনি মাস্টারের বাড়ি হয়ে খলেয়া পাকা সড়ক পর্যন্ত পাঁচ মেট্রিক টন গমের কাজের প্রায় ১০ শতাংশ করা হয়নি। একই ইউনিয়নের শয়রাবাড়ি বাচ্চুর বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ প্রকল্পে বরাদ্দ পাঁচ মেট্রিক টন গমের কাজের প্রায় ১০ শতাংশ করা হয়নি।প্রকল্পগুলোর খাদ্যশস্য উত্তোলন, প্রকল্পের কাজ শুরু এবং কাজ শেষের তারিখের কোনো মিল নেই। কোনো কোনো ক্ষেত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর ছাড়াই ইউএনও খাদ্যশস্য ছাড় করার অনুমতি দিয়েছেন। এসব অনিয়মের কারণে সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে রংপুর দুদক উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় চারটি মামলা করেন।গঙ্গাচড়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম চারটি মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, সব প্রকল্পের এত কাজ ঘুরে দেখা সম্ভব হয়নি। ইউএনও মুহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রকল্পের কাজগুলোর সঙ্গে ইউএনও সরাসরি সম্পৃক্ত নয়। এ ছাড়া প্রকল্পের শতভাগ কাজের মনিটরিং করাও সম্ভব নয়।দুদকের উপপরিচালক জহিরুল হুদা বলেন, সরেজমিনে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা মিলেছে বলেই এই মামলা দায়ের করা হয়েছে।