ইউএনডিপি প্রকল্পের মেয়াদ বাড়ল পার্বত্য চট্টগ্রামে
পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সুশাসন ও সহিংসতা প্রতিরোধবিষয়ক একটি প্রকল্পের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফ্যাসিলিটি (সিএইচটিডিএফ) প্রকল্পের মুখপাত্র প্রসেনজিৎ চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেন ও ডেনমার্কের দূতাবাসের সহায়তায় ২০১৪ সালের ১ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটি গত সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে সুইডেন দূতাবাসের সহায়তায় এর মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পাহাড়ি জেলা পরিষদ ও সার্কেল দপ্তরগুলোর সহযোগিতায় ইউএনডিপির এ কর্মসূচি চলে আসছে। প্রকল্পের সার্বিক লক্ষ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আস্থা গড়ে তুলতে সহায়তা করা এবং এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যাগুলোর সমাধান করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি পার্বত্য সম্প্রদায়গুলোকে নিজেদের উন্নয়ন ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে এবং মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন এগিয়ে নিতে সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সম্পৃক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পার্বত্য শান্তিচুক্তি অধিকতরভাবে কার্যকর করতে বিভিন্ন আইন, নীতি ও প্রক্রিয়া তৈরির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার মাধ্যমে সুশাসন জোরদার করার কাজ অব্যাহত রাখবে।