ইউএনডিপির কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও সমঅধিকার ছাত্র আন্দোলন পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন করেছে এবং আবাসিক প্রতিনিধি বরাবর স্মারকলিপি দিয়েছে।
জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলার সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপির কার্যক্রমকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন। বক্তারা শুধু একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কারণে পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে উল্লেখ করেন। তাঁরা পার্বত্য চুক্তিকে সংবিধান পরিপন্থী বলে অভিহিত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। তা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুমকি দেন। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার ছাত্র আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সভাপতি আল-আমিন ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য সমঅধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি পেয়ার আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমঅধিকার জেলা শাখার সাধারণ সম্পাদক আবছার আলী, সমঅধিকার ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ ও তাজুল ইসলাম।