ময়মনসিংহে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নিয়োগপত্র প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক পরীক্ষার্থীর (রিট আবেদনকারী) মৌখিক পরীক্ষা কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গত ১৩ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ীর বিলকিস আক্তার পরিবার পরিকল্পনা বিভাগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে এই আদেশ ও রুল জারি করেন।ইউএফপিএ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বিলকিস আক্তার রিট আবেদনটি করেন। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), জেলা নিয়োগ কমিটির সভাপতি ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালককে বিবাদী করা হয়।রিট আবেদনকারীর আইনজীবী মো. বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ইউএফপিএর চারটি পদের মৌখিক পরীক্ষার ফলাফল ও নিয়োগপত্র প্রদানে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ফলে আপাতত নিয়োগ-প্রক্রিয়া স্থগিত থাকছে।ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের চারটি পদে ১০৯ জন নিয়োগের বিপরীতে গত ১৫ জুলাই কয়েক হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩৫২ জন। ওই দিনই বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচি ৫ অথবা ৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জানানো হবে। কিন্তু নির্ধারিত তারিখে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে মাত্র ১৬১ জন প্রার্থী অংশ নেন। এ ঘটনায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিরাগ আনন্দনাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মৌখিক পরীক্ষা বাতিল এবং আবারও তা নেওয়ার দাবি জানিয়ে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর বিলকিস আক্তার জেলা নিয়োগ কমিটির সভাপতি, স্বাস্থ্যসচিব, মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), উপপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আবেদন করেন।