উড়োজাহাজ দুর্ঘটনায় নেপালের প্রতিবেদনকে অসংগতিপূর্ণ মনে করে ইউএস-বাংলা

কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপালের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অসংগতি রয়েছে বলে মনে করে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও ইমরান আসিফ বলেন, ‘সবার প্রতি আস্থা রেখে বলছি, প্রাথমিক প্রতিবেদনে যেসব বিষয় আসার কথা ছিল, তা আসেনি। এখানে অসংগতিপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে।’
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইমরান আসিফ।
প্রতিবেদনের অসংগতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান আসিফ বলেন, যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে উড়োজাহাজটি দুর্ঘটনায় পতিত হওয়ার দুই মিনিটের মধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত হন। সেটাই যদি হয়ে থাকে, তাহলে নিহত মানুষের সংখ্যা এত হতো না। যাত্রীরা যে মাত্রায় অগ্নিদগ্ধ হয়েছেন, সেটিও এড়ানো যেত। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারত।
দুর্ঘটনার প্রায় এক মাস পর ৯ এপ্রিল নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বিধ্বস্ত উড়োজাহাজটির কোনো কারিগরি ত্রুটি ছিল না বলে উল্লেখ করা হয়।
দুর্ঘটনার সময়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কক্ষে দায়িত্ব পালন করা ছয়জনকে বদলি করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে না আসার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এ বিষয়ে ইমরান আসিফ বলেন, ‘তাঁদেরকে কেন বদলি করা হয়েছে, তা আমরা জানি না। তবে গাফিলতি ছাড়া এমন পদক্ষেপ নেওয়া স্বাভাবিক নয় বলেই আমরা মনে করি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি।’
দুর্ঘটনায় নিহত যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত-আহত প্রত্যেক যাত্রীর বিমা প্রথমসারির আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান দিয়ে নিশ্চিত করা আছে। বিমা কোম্পানির সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। নিহত ব্যক্তিদের উত্তরাধিকারীরা আদালত থেকে উত্তরাধিকার সনদ জমা দিলেই সঙ্গে সঙ্গে তাঁরা ক্ষতিপূরণ পাবেন। আহত ব্যক্তিদেরও এ ক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বহরে থাকা সব উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইমরান আসিফ। তিনি জানান, এ জন্য কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ১৭ জন প্রকৌশলী কাজ করেন প্রতিষ্ঠানটিতে। এ ছাড়া ইউএস-বাংলায় কাজ করেন ৬২ জন বাংলাদেশি প্রকৌশলী। বাংলাদেশে এভিয়েশন খাতে আর কোনো উড়োজাহাজ সংস্থার এত বেশিসংখ্যক দেশি-বিদেশি প্রকৌশলী নেই।
সবশেষে ইমরান আসিফ বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশের পরিচয় বহনকারী একটি প্রতিষ্ঠান। এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনা ধারণ করেই আমাদের পথচলা। সাময়িক দুর্ঘটনায় আমরা হতোদ্যম হলেও ভেঙে পড়িনি। দুর্ঘটনার পরেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হতাহত ব্যক্তিদের উদ্ধার, চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনতে সচেষ্ট ছিলাম।’
ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ এইট-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ১২ মার্চ নেপালে বিধ্বস্ত হয়। এতে ৬৭ যাত্রী, ৪ জন ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ মোট ৫১ জন প্রাণ হারান।