ইউএস-বাংলায় নতুন উড়োজাহাজ

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যোগ হয়েছে নতুন উড়োজাহাজ। ড্যাশ ৮-কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি আজ মঙ্গলবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কানাডার মন্ট্রিল থেকে ইউএস-বাংলার ক্যাপ্টেন আবিদ সুলতান, ক্যাপ্টেন লুৎফর রহমান ও ফার্স্ট অফিসার মারুফ আহমেদ নতুন উড়োজাহাজটি দেশে নিয়ে আসেন। নতুন এই ড্যাশ উড়োজাহাজে ৭৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ইউএস-বাংলা কর্তৃপক্ষের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। নতুন যুক্ত হওয়া ড্যাশসহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট আটটি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও চারটি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে।
আনুষ্ঠানিকভাবে আজ উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। ইউএস-বাংলা বর্তমানে প্রতি সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে তিন শর বেশি ফ্লাইট পরিচালনা করে থাকে।