যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) কৃষি ও পুষ্টি বিভাগের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে তাদের বার্ষিক খাদ্য ও কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে। রাজধানীর আমেরিকান ক্লাবে গতকাল রোববার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিস রোলিংস এ ঘোষণা দেন। খবর ইউএনবির।রোলিংস বলেন, আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে ২২ কোটি ডলার সহায়তা দেওয়া হবে। বিগত বছরগুলোতে বাৎসরিক খাদ্য সহায়তা হিসেবে বাংলাদেশকে তিন কোটি ২০ লাখ ডলার দেওয়া হতো। এ সহায়তার পরিমাণ এক কোটি ডলার বাড়ানো হয়েছে। আগামী জুনেই বর্ধিত বাৎসরিক খাদ্য সহায়তা হিসেবে চার কোটি ২০ লাখ ডলার দেওয়া হবে।রোলিংস বলেন, বিগত দিনগুলোতে দাতারা বাংলাদেশের কৃষি খাতের দিকে যথাযথভাবে নজর দেয়নি। এ কারণে এখন তারা কৃষি উন্নয়ন ও পুষ্টির দিকে বিশেষ নজর দিচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিমান বাড়ানোর জন্য তারা এক কোটি ৫৫ লাখ ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।রোলিংস আরও বলেন, বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তা তহবিল থেকে যে ২০টি দেশ সহায়তা পেতে যাচ্ছে তাদের মধ্যে প্রথমেই বাংলাদেশের নাম রয়েছে। এ তহবিলের জন্য ঢাকাকে জুন মাসের মাঝামাঝি নাগাদ আবেদন করতে হবে। তিনি জানান, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মপরিকল্পনা ও নীতিমালা চূড়ান্ত করা দরকার।ইউএসএআইডির প্রধান কাল আসছেন: আমাদের কূটনৈতিক প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রধান রাজীব শাহ আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরের সময় তিনি খাদ্যনিরাপত্তাবিষয়ক এক সেমিনারে অংশ নেবেন। এ ছাড়া তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, ইউএসএআইডির প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটা হবে রাজীব শাহের প্রথম বাংলাদেশ সফর। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ১৬তম প্রশাসক পদে নিয়োগ দেন। বাংলাদেশ সফরের সময় রাজীব শাহ ২৬ ও ২৭ মে অনুষ্ঠেয় ‘খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সরকার দুই দিনের এ সেমিনারের আয়োজন করছে।মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি প্রায় ৫০ বছর ধরে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে।