ইউএসটিসি ও এমইএস কলেজের ছাত্রদের সংঘর্ষ, আহত ১
চট্টগ্রামে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও ওমরগণি এমইএস কলেজের ছাত্রদের মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে। এ সময় মঞ্জুর আলম নামের ইউএসটিসির এক ছাত্রকে কুপিয়েছেন এমইএস কলেজের ছাত্ররা। আহত মঞ্জুর আলমকে নগরের জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএসটিসি প্রশাসন ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে ইউএসটিসির ভাসানী মিলনায়তনে ফার্মেসি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়। আলোচনা ও অন্যান্য কর্মসূচি শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দেখতে যান জাকির হোসেন সড়কে অবস্থিত ওমরগণি এমইএস কলেজের একদল ছাত্র। অনুষ্ঠান চলাকালে তাঁদের সঙ্গে ইউএসটিসির ছাত্রদের কথা-কাটাকাটি হয়। এরপর এমইএস কলেজের ছাত্রদের মিলনায়তন থেকে বের করে দেওয়া হয়। বের হয়ে এমইএস কলেজের ছাত্ররা ক্যাম্পাসেই অবস্থান নেন। কিছুক্ষণ পর ইউএসটিসির কয়েকজন ছাত্র মিলনায়তন থেকে বের হলে এমইএস কলেজের ছাত্ররা মঞ্জুর নামের এক ছাত্রকে এলোপাতাড়ি কোপান। এরপর তাঁরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। তাঁরা ক্যাম্পাসের সামনে জাকির হোসেন সড়কও অবরোধ করেন। এ প্রতিবেদন লেখার সময় সেখানে দুই প্লাটুন পুলিশ মোতায়েন ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।