ইউএসটিসি জরিমানার টাকা না দিলে আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধার্য করা জরিমানার ১০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) তিনটি ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের বিএমডিসি নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল সোমবার ইউএসটিসিতে এক সমাবেশে তিনি এই দাবি জানান।
ইউএসটিসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে বিএমডিসির নিবন্ধনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী ইউএসটিসি কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে জরিমানার অর্থ জমা দিয়ে শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করুন, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ইউএসটিসি প্রতিষ্ঠার জন্য প্রয়াত জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠান চট্টগ্রামের সম্পদ। কেউ যেন এটিকে ব্যক্তিগত সম্পত্তি না ভাবেন। শিক্ষার্থীরা প্রচুর টাকা খরচ করে এ প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। ইউএসটিসি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিএমডিসির রেজিস্ট্রেশন পাচ্ছে না তারা।
চট্টগ্রামের সাবেক মেয়র বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও ইউএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ইউএসটিসি কর্তৃপক্ষ যদি সংকট সমাধানে এগিয়ে না আসে, তাহলে কঠোর হওয়া ছাড়া বিকল্প থাকবে না।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, ইউএসটিসির সহ-উপাচার্য অধ্যাপক নুরুল আবছার, নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাকিবুল হুদা, অনিক দাশ গুপ্ত প্রমুখ।
বিএমডিসির নিবন্ধনের দাবিতে ইউএসটিসির তিনটি ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোর জন্য ১০ কোটি টাকা জরিমানা করে। জরিমানা এক মাসের মধ্যে পরিশোধ করে বিএমডিসির নিবন্ধন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।