ইউএসটিসিতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে চাকরি বিধিমালা প্রণয়ন, যুগোপযোগী বেতনকাঠোমো, শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতি পূরণ৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শামস-উদ-দোহা প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনের কারণে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ ছিল। বিভিন্ন বিভাগের নির্ধারিত কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।’ তিনি বলেন, দাবিদাওয়ার বিষয়গুলো বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে৷
ইউএসটিসি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা এক মাস ধরে সার্ভিস রুল প্রণয়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি৷ বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, বিভাগীয় প্রধান, বিভিন্ন অনুষদের ডিন একযোগে আন্দোলনে নেমেছেন৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় ইউএসটিসি ক্যাম্পাসের সামনের রাস্তায় মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি ডায়াবেটিক হাসপাতাল পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। সেখানে তাঁরা সমাবেশের আয়োজন করেন।
গতকাল সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কাজকর্ম ও শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তালা ঝুলছে উপাচার্য, সহ-উপাচার্যসহ বিভিন্ন কর্মকর্তার কক্ষে।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনের কারণে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইউএসটিসি-বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক ছিল৷
হাসপাতালের মহাপরিচালক মো. শওকত আলী বলেন, ‘হাসপাতালের ইনডোর এবং আউটডোরে চিকিৎসাসেবায় কোনো প্রভাব পড়েনি। এখানকার কার্যক্রম স্বাভাবিক ছিল।’