
বিএমডিসির নিবন্ধনের দাবিতে ইউএসটিসির উপাচার্যকে গতকাল সোমবার প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়াকে তাঁর কক্ষ থেকে বের করে এনে একাডেমিক ভবনের সামনে একটি চেয়ারে বসিয়ে রাখেন শিক্ষার্থীরা। এ সময় তাঁকে ঘিরে রেখে স্লোগান দিতে থাকেন প্রায় দুই শ শিক্ষার্থী। সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত থেমে থেমে স্লোগান চলে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে টানা আন্দোলন করে আসছেন চট্টগ্রামের বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস তিনটি কোর্সের শিক্ষার্থীরা। পরে তাঁদের আন্দোলনের সঙ্গে আরও দুটি ব্যাচের শিক্ষার্থীরা যোগ দেন। এমবিবিএস শিক্ষার্থীদের জন্য বিএমডিসির নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু নীতিমালার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) ১০ কোটি টাকা জরিমানা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৪ এপ্রিল জরিমানার ৩ কোটি টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি ৭ কোটি টাকা তিন কিস্তিতে ১৯ এপ্রিল থেকে পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা। জরিমানার পাশাপাশি কিছু শর্তও দেয় মন্ত্রণালয়।
কিন্তু এর প্রায় এক মাস পার হতে চললেও ইউএসটিসি কর্তৃপক্ষ প্রথম কিস্তি পরিশোধ করেনি। গতকাল ঢাকায় বিএমডিসির একটি বৈঠক হয়। আলোচ্য সূচিতে ইউএসটিসির বিষয়টিও ছিল। বৈঠকে নিবন্ধনের বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, এমন শঙ্কা ছিল শিক্ষার্থীদের। এ আশঙ্কা থেকে গতকাল দুপুর ১২টার দিকে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএসটিসির ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব নীনা ইসলাম উপাচার্যকে ফোন করে নিবন্ধনের বিষয়টি ইতিবাচক বলে জানান। এরপর উপাচার্য তাঁর সামনে থাকা শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেন। পরে পৌনে ছয়টার দিকে শিক্ষার্থীরা চলে যান।
উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের নিবন্ধন হওয়া জরুরি। আর মন্ত্রণালয় যেসব শর্ত দিয়েছে তা মানা উচিত। শিক্ষার্থীদের নিবন্ধনের বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।
মো. মহিউদ্দিন নামে এক শিক্ষার্থী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নীনা ইসলাম ফোন করে নিবন্ধনের বিষয়টি ইতিবাচক বলে জানিয়েছেন। তাই আজকের মতো আমরা আন্দোলন স্থগিত করেছি।’
ইউএসটিসি কর্তৃপক্ষ ২০১১-১২ (২৫তম ব্যাচ) শিক্ষাবর্ষে ৪১০ জন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪১৪, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৮০, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৯০ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করে। অথচ প্রতি শিক্ষাবর্ষে ৭৫ জন করে শিক্ষার্থী ভর্তির কথা ছিল।