ইউএসটিসির উপাচার্য পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শিক্ষক ও দুই চিকিৎসকের চাকরিচ্যুতির প্রতিবাদে গতকাল সোমবার চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্য ও রেজিস্ট্রারকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১১ জুন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার হ্যাপী সাহা ও চিকিৎসা কর্মকর্তা শামসুন নাহারকে চাকরিচ্যুত করা হয়। এর প্রায় দুই মাস আগে চাকরিচ্যুত করা হয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ খান ও ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলীকে। গত রোববার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এহসানুল করিমকে চাকরিচ্যুত করা হয়। একের পর এক চাকরিচ্যুতির প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া ও রেজিস্ট্রার শামস-উদ-দোহাকে উপাচার্যের কার্যালয়ে অবরুদ্ধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানবিশ চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার নেতারা। একই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিষয়টি সমাধানের জন্য বিএমএর নেতা ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া। বৈঠকে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
চাকরিচ্যুত শামসুন নাহারের অভিযোগ, কোনো ধরনের কারণ ছাড়াই ১১ জুন তাঁকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয় এবং তা ৩০ মে থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়।
সভায় উপস্থিত থাকা বিএমএর চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক এহসানুল করিম ও দুই চিকিৎসককে চাকরিতে পুনর্বহাল করার ব্যাপারে লিখিত ঘোষণা দেয়। অন্য দুই শিক্ষককে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার ব্যাপারে মৌখিক সিদ্ধান্ত হয়। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।
এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া।
রেজিস্ট্রার শামস-উদ-দোহা বলেন, শিক্ষকদের চাকরি নবায়ন-সংক্রান্ত জটিলতা বিএমএ নেতাদের মধ্যস্থতায় নিরসন হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।
এদিকে গতকাল বিকেল চারটার দিকে হাসপাতালের গাইনি ও সার্জারি বিভাগে গিয়ে শিক্ষক ও চিকিৎসকদের কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। সার্জারি বিভাগে চিকিৎসাধীন মো. ইলিয়াছ বিকেল সোয়া চারটার দিকে জানান, সকাল ১০টার দিকে চিকিৎসক তাঁকে দেখে যান। এরপর আর কেউ আসেননি।
তবে চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবার কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন রেজিস্ট্রার শামস-উদ-দোহা।