বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে গতকাল মঙ্গলবার থেকে পুনরায় রোগী ভর্তি ও চিকিৎসাসেবা শুরু হয়েছে। এদিকে শিক্ষার্থীরা গতকাল টানা তৃতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে বিশ্ববিদ্যালয়টির এমবিবিএসের তিনটি ব্যাচের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার দুপুর থেকে হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। রোগীরাও হাসপাতাল ছাড়তে বাধ্য হন।
বিএমডিসির নিবন্ধনের দাবিতে ১১ জানুয়ারি প্রথম সড়ক অবরোধ করেন তিনটি ব্যাচের শিক্ষার্থীরা।
গতকাল হাসপাতালের জরুরি বিভাগসহ সব বিভাগে সেবাদান শুরু হয়েছে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
জানতে চাইলে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মু. বদিউল আলম বলেন, ‘ছাত্রদের সঙ্গে আমাদের কথা হয়েছে। মানবিক দিকটির কথা তাঁদের বুঝিয়েছি। তাঁরাও বিষয়টিতে একমত। ফলে হাসপাতালে রোগী ভর্তি এবং চিকিৎসাসেবা শুরু হয়েছে।’
এদিকে আন্দোলনের অংশ হিসেবে গতকাল ইউএসটিসির সামনের জাকির হোসেন সড়কে শিক্ষার্থীরা মিছিল করেন। এ সময় যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। মিছিল শেষে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ঢুকে যান। সেখানে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।