ইউএসটিসির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস শ্রেণির কিছু শিক্ষার্থী গতকাল বুধবার নগরের জাকির হোসেন সড়ক অবরোধ করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিএস) থেকে নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করেন।
বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। এতে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
জানতে চাইলে ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, ‘২৫তম ব্যাচ এই মাসের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। তাঁরা বিএমডিসিতে তাঁদের অধিভুক্ত করে নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা চেয়ে আজ একটু বিক্ষোভ করেছেন। আমরা তাঁদের বুঝিয়েছি যে বিষয়টি মন্ত্রণালয়ে আছে। আসনসংখ্যার বিষয়ে যে জটিলতা ছিল, তা মন্ত্রণালয়ের সভায় আশা করি সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছেন।’
ইউএসটিসি সূত্র জানায়, ২৫তম ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী আছেন। এত শিক্ষার্থীকে নিবন্ধন বা অনুমোদন দেবে কি দেবে না তা নিয়ে বিএমডিসির সঙ্গে আগে থেকেই ইউএসটিসির দেনদরবার চলছিল। ফলে এসব শিক্ষার্থী তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। একইভাবে পরবর্তী দুই ব্যাচ ২৬ ও ২৭-এর শিক্ষার্থীরাও অনিশ্চয়তার মধ্যে আছেন। বিএমডিসিতে তাঁদের আবেদন এবং নিবন্ধন নিশ্চিত করার জন্য আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এমবিবিএস কোর্সে ভর্তির পর প্রথমে বিএমডিসি থেকে শিক্ষার্থীদের একটি নিবন্ধন দেওয়া হয়। এরপর ইন্টার্ন শুরু করার আগে আরেকটি অনুমোদন লাগে। পরবর্তী সময়ে ইন্টার্ন শেষ করার পর চূড়ান্ত নিবন্ধন বা অনুমোদনের দরকার হয়। কিন্তু ২৫তম থেকে শুরু করে পরের কোনো ব্যাচের নিবন্ধন বা অনুমোদন বিএমডিসি থেকে দেওয়া হয়নি। নির্ধারিত আসনসংখ্যার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণেই এই জটিলতা হয়েছে। এই কারণে নিবন্ধনের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টার দিকে ইউএসটিসির সামনের সড়ক অবরোধ করেন। তখন ওই সড়কতে তীব্র যানজট দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর উদ্দিন বলেন, ‘বিএমডিসির নিবন্ধন না হওয়ার কারণে তিনটি ব্যাচের প্রায় এক হাজার শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। কোটার চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি করানোর ফলে এই সমস্যা হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। আমরা শিক্ষকদের সঙ্গে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিই।’