ইউএসটিসির শিক্ষার্থীদেরবিক্ষোভ
সড়ক দুর্ঘটনায় আহত একজন শিক্ষকের উন্নত চিকিৎসা, শিক্ষককে ধাক্কা দেওয়া বাসের চালক ও তাঁর সহযোগীকে আটকসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস মোড় এলাকায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থীরা৷ পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের আশ্বাসে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান৷
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনের সড়কে বাসের ধাক্কায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আনোয়ার উল্লাহ গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত নগরের ওয়্যারলেস মোড়ে সড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন করেন ইউএসটিসির শিক্ষার্থীরা। তাঁরা এ সময় বিভিন্ন স্লোগান দেন৷
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে সরে আসেন। বিক্ষোভের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইউএসটিসির রেজিস্ট্রার শামস-উদ-দোহা বলেন, আহত শিক্ষককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে৷