বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় করা এক মামলায় ঋণগ্রহীতা মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আত্মসমর্পণের দিন তাজউদ্দিনকে সংশ্লিষ্ট ব্যাংকে ২ কোটি টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর দুই মাস পরপর তাঁকে ২ কোটি টাকা করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতেও বলা হয়েছে।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা ঋণ নেওয়ার অভিযোগে তাজউদ্দিনের বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক। এ মামলায় গতকাল আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তাজউদ্দিন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট চার সপ্তাহের জন্য তাজউদ্দিনকে আগাম জামিন দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। এই সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণের দিন এবং এর দুই মাস পরপর ২ কোটি টাকা করে বেসিক ব্যাংকে জমা দিতে তাজউদ্দিনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাজউদ্দিনের জামিন বাতিল হয়ে যাবে, বলেছেন আদালত।
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ৫৬টি মামলা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ১২০ জন।