ইউক্রেন থেকে গম আমদানি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন গম রপ্তানির জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করলেও চূড়ান্ত চুক্তি করছে না। এ বিষয়ে দেশটি কিছু জানাচ্ছেও না। ফলে ইউক্রেন থেকে আড়াই লাখ মেট্রিক টন গম আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে বিপাকে পড়েছে খাদ্য মন্ত্রণালয়।
নতুন করে গম আমদানি না হওয়ায় সরকারি গুদামে গমের মজুতও কমে এসেছে। এ অবস্থায় করণীয় ঠিক করতে পারছেন না নীতিনির্ধারকেরা। ইউক্রেন এর আগে ২০১২ সালেও গম সরবরাহ না করায় মজুত নিয়ে বিপাকে পড়তে হয়েছিল মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা কৃষি পরিকল্পনা ও খাদ্য বিভাগের সঙ্গে গম আমদানির বিষয়ে সমঝোতা স্মারকে সই করে খাদ্য মন্ত্রণালয়। চূড়ান্ত চুক্তি হলে নভেম্বরের মধ্যে ওই গম আমদানির সম্ভাবনা ছিল। কিন্তু এ পর্যন্ত ওই চুক্তি বা এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গত শনিবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে প্রথম আলোকে বলেন, ‘এ পরিস্থিতিতে এ বিষয়ে আমি কথা বলতে রাজি নই।’
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রণালয় চলতি অর্থবছরে সাড়ে আট লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ইউক্রেন থেকে আড়াই লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় এক লাখ ৩০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য ইউক্রেনের কৃষি পরিকল্পনা ও খাদ্য বিভাগের সঙ্গে প্রতি টন গম ২৯৩ মার্কিন ডলার দরে আমদানির জন্য সেপ্টেম্বর মাসে সমঝোতা স্মারক সই করে। অথচ ওই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম ২৭০ থেকে ২৮০ ডলারে বিক্রি হচ্ছিল।
সূত্র আরও জানায়, ওই সমঝোতা অনুযায়ী কিছুদিন পরই এ বিষয়ে চুক্তি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় চুক্তি করার জন্য ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়। এর পরও এ বিষয়ে অগ্রগতি হয়নি। এ বিষয়ে ইউক্রেনকে অনুরোধ জানিয়ে দেওয়া চিঠির প্রতিক্রিয়া না পাওয়ার বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
এরপর ২৬ ডিসেম্বর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক বাংলাদেশে এই গম রপ্তানির বিষয়টি নিয়ে ইউক্রেনের কৃষি ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এর পরও অগ্রগতি হয়নি।
এদিকে সরকারি গুদামে বর্তমানে গমের মজুত গত বছরের এই সময়ের চেয়ে অর্ধেকেরও কমে নেমে এসেছে। খাদ্য বিভাগের সূত্র জানায়, গত বছরের জানুয়ারিতে গমের মজুত ছিল দুই লাখ ৪২ হাজার টন। আর গত মঙ্গলবার গুদামে গমের মজুত ছিল এক লাখ ১১ হাজার টন। আর নৌযানে রয়েছে ৩৩ হাজার টন। মজুত কমে যাওয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে গম দেওয়া প্রায় বন্ধ রয়েছে।
খাদ্য বিভাগের সূত্র আরও জানায়, ইউক্রেনের সাড়া না পেয়ে খাদ্য মন্ত্রণালয় গম কেনার জন্য ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ওই দরপত্রে প্রতি টন গম সরবরাহের দর ওঠে সর্বনিম্ন ২৬৭ ডলার।