গমের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কিছুটা কমে এসেছে। দামও কমতির দিকে। দীর্ঘ আট মাস রপ্তানি বন্ধ রাখার পর বিশ্বের অন্যতম গম রপ্তানিকারক দেশ ইউক্রেন বাংলাদেশের কাছে গম বিক্রি করতে রাজি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে ইউক্রেন থেকে দুই লাখ টন গম আসছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী আরও জানান, ইউক্রেন প্রতিবছর বাংলাদেশে পাঁচ থেকে ১০ লাখ টন গম রপ্তানি করতে রাজি হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে এই গম আমদানি করা হবে। গম রপ্তানির ব্যাপারে ইউক্রেনের খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। খাদ্যমন্ত্রী জানান, ইউক্রেনের কৃষিজমি ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশকে সুবিধা দেওয়া হবে বলে দেশটির কৃষি বিভাগ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে চীন ও ভিয়েতনাম ইউক্রেনের কৃষিজমি ইজারা নিয়ে চাষাবাদ করছে। বাংলাদেশও সেই সুযোগ নিতে পারে বলে সে দেশের কৃষি বিভাগ জানিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ দ্রুত উদ্যোগ নেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। খাদ্যমন্ত্রী আরও জানান, ইউনিয়ন পর্যায়ে ফেয়ার প্রাইস কার্ডের সংখ্যা ৪৫ লাখ থেকে বাড়িয়ে ৬৭ লাখ ৫০ হাজার করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম এপ্রিল মাস পর্যন্ত চলবে—এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম কিছুটা কমে এলেও সন্তোষজনক পর্যায়ে আসেনি।