ইউক্রেন নিয়ে ইইউর মুখোশ খুলে গেছে: ঢাকার রুশ দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি ঢাকার রুশ দূতাবাস গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রচার করে
ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধ ও সংকটময় পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দোষারোপ করেছে রাশিয়া। দেশটি বলছে, ইউক্রেন সংকটে ইইউর মুখোশ খুলে গেছে। শান্তিরক্ষার ভূমিকার কথা বলে তারা বর্তমান পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে উসকানি দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ঢাকায় রুশ দূতাবাস গত ২৮ ফেব্রুয়ারি বিবৃতিটি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়ন শান্তি প্রতিষ্ঠায় কাজ করার চেহারা নিয়ে অনেক বছর ধরে কিয়েভ সরকারকে বিপুল পরিমাণ অর্থায়ন করেছে, যে সরকার একটি অসাংবিধানিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। যখন দোনবাসের জনগোষ্ঠীকে নির্মূল করা হচ্ছিল এবং ইউক্রেনে রুশ ভাষাকে স্তব্ধ করা হচ্ছিল, তখন ইইউ নিশ্চুপ ছিল। ইউক্রেন কর্তৃপক্ষে নাৎসিবাদের প্রভাব এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরপরাধ বেসামরিক লোকজনকে হত্যা ও আর্থসামাজিক অবরোধ নিয়ে আমরা বারবার বললেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি।’

রাশিয়ার সঙ্গে ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে মিনস্ক চুক্তি বাস্তবায়নের শর্ত দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এ চুক্তির প্রধান শর্তগুলো মেনে চলার জন্য কিয়েভকে উৎসাহিত করার কোনো চেষ্টা করেনি। উপরন্তু ইইউ ইউক্রেনকে অর্থ দিয়েছে। দেশটির নাগরিকদের ভিসা ছাড়া ভ্রমণসুবিধা দিয়েছে। নানা বাহানায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, এখন মুখোশ খুলে গেছে। গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে ইইউ নিজের চেহারা উন্মোচন করেছে। ইইউ চূড়ান্তভাবে কিয়েভ সরকারের পক্ষ নিয়েছে, যারা নিজেদের জনগণের একটি অংশের ওপর গণহত্যা চালিয়েছে।

ইউক্রেনে ২০১৪ সালে যে সংঘাতের শুরু হয়েছিল, সেখানে অর্থায়নের ঘোষণা আগেই দিয়েছিল ইইউ। ইউরোপ পিস ফাউন্ডেশন নাম দিয়ে এই কাজ করে তারা। এর আওতায় প্রতিরক্ষামূলক ব্যবস্থার নামে লজ্জাহীনভাবে ক্ষেপণাস্ত্র, হালকা অস্ত্র, যুদ্ধ উপকরণ, এমনকি যুদ্ধবিমান সরবরাহ করে তারা।

সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি কাকে সরবরাহ করা হবে আর কাকে করা হবে না, সেটা নিয়ে ২০০৮ সালের ৮ ডিসেম্বর ইইউ নিজেই আটটি নিয়ম নির্ধারণ করে দিয়েছিল। ইউক্রেনের ক্ষেত্রে তারা এসব নিয়ম ভেঙেছে। নিয়মগুলো হলো:

১. যদি দেশটি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকে। (ইউক্রেন মিনস্ক চুক্তি মানেনি।)

২. যদি দেশটি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল না হয় এবং সরবরাহ করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম অভ্যন্তরীণ দমন–পীড়নে ব্যবহারের ঝুঁকি থাকে। (দোনবাসে গণহত্যা চালিয়েছে কিয়েভ।)

৩. যদি সশস্ত্র সংঘাত চলমান থাকে এবং সরবরাহ করা অস্ত্র–সরঞ্জাম ওই সংঘাত ও উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

৪. যদি ইইউর সরবরাহ করা অস্ত্র সরঞ্জাম আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ভঙ্গের কারণ হয় এবং অস্ত্র সরঞ্জাম গ্রহণকারী রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত থাকে, তাহলে ওই দেশ ইইউর কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাবে না।

৫. যদি সরবরাহ করা অস্ত্র সরঞ্জাম ইইউর সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয় কিংবা ইইউর সদস্যেদর স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের ঝুঁকি থাকে, সে ক্ষেত্রে ইইউ সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ থেকে বিরত থাকবে।

৬. যদি ক্রেতা কিংবা গ্রহীতা দেশের উদ্দেশ্য ও নীতি নিয়ে সন্দেহ রয়ে যায়, বিশেষত সামরিক শক্তি ব্যবহার না করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং অস্ত্র নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি থেকে বিচ্যুতির ঝুঁকি থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করবে না ইইউ। কিয়েভ এসব প্রতিশ্রুতি থেকে আগেই বিচ্যুত হয়েছে।

আরও পড়ুন

৭. যদি সরবরাহ করা সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম সন্ত্রাসী সংগঠনসহ অবাঞ্ছিত কোনো ব্যক্তি–সংগঠনের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে, তাহলে সংশ্লিষ্ট দেশকে তা সরবরাহ করবে না ইইউ। ইউক্রেনে অনিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বেহাত হওয়ার ঝুঁকি রয়েছে।

৮. যদি সরবরাহ করা সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম গ্রহীতা দেশের সামরিকায়ন ও আর্থসামাজিক উন্নয়নের মধ্যকার ভারসাম্য বিনষ্টের কারণ হয়, তাহলে তা সরবরাহ থেকে বিরত থাকবে ইইউ। এ পরিস্থিতিতে কিয়েভের উচিত ভিন্নমত দমনের চেয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নে বেশি মনোযোগ দেওয়া।

রাশিয়া সতর্ক করে বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র, জ্বালানি ও লুব্রিকেন্ট সরবরাহের সঙ্গে জড়িত ইইউর নাগরিক ও প্রতিষ্ঠান চলমান বিশেষ সামরিক অভিযানের সময় এসব কর্মের যেকোনো পরিণতির জন্য দায়ী থাকবে। তাই পরিণতি সম্পর্কে তাঁদের সচেতন হওয়া উচিত।

আরোপিত নিষেধাজ্ঞা কিংবা নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া তার গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বাস্তবায়ন নিশ্চিত করার কাজ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর জেগে ওঠা উচিত। এসব দেশকে বুঝতে হবে, বিশ্ব অর্থনীতিতে তাদের অখণ্ড শাসনের দিন অনেক আগেই গত হয়েছে।

আরও পড়ুন