ইউক্রেনে আটকা নাবিকের স্ত্রীকে বার্তা ‘তোমার কাছে ফিরব’
‘আল্লাহ জানে কী হবে। ইনশা আল্লাহ, তোমার কাছে ফিরব।’
কথাগুলো রুকুনুজ্জামান রাজীবের। ইউক্রেনের অলভিয়া বন্দরে গোলার আঘাতে আগুন ধরে যাওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’-এর নাবিক তিনি। আটকে পড়া জীবিত ২৮ জনের একজন।
বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটিতে গোলার আঘাতে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়। বাকিদের দিন কাটছে উৎকণ্ঠায়।
রুকুনুজ্জামান রাজীবের কণ্ঠ শোনেননি তাঁর পরিবারের কেউ, এমনকি তাঁর স্ত্রী সিলভিয়া জাহানও। দীর্ঘ সময় পরপর ফোন চালু করে শুধু স্ত্রীর উদ্দেশে মেসেঞ্জারে দুই–চারটা শব্দ লিখছেন। পরক্ষণেই চার্জের অভাবে ফোন বন্ধ করে ফেলছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এ থার্ড অফিসার।
স্ত্রী সিলভিয়া জাহানকে মেসেঞ্জারে রুকুনুজ্জামান রাজীব বলেন, ‘আল্লারে ডাকো। এটা ছাড়া আর কিছু করার নাই।’
নিজের অবস্থা জানানোর পাশাপাশি ময়মনসিংহে থাকা মা–বাবা ও ছোট্ট সন্তানের খোঁজ নিচ্ছেন রুকুনুজ্জামান রাজীব। স্ত্রীকে বলছেন, মা–বাবার দিকে খেয়াল রাখতে, যাতে তাঁরা উদ্বিগ্ন না হন।
জাহাজে গোলার আঘাত হানার পর এ ঘটনা স্ত্রীকে জানাননি রুকুনুজ্জামান রাজীব। তবে গণমাধ্যমের বরাতে ছোট বোনের কাছ থেকে জাহাজে হামলার কথা শোনেন সিলভিয়া।
এরপর মেসেঞ্জারে স্ত্রীর উদ্বেগের জবাবে তিনি বলেন, ‘এখনো সেফ (নিরাপদ) আছি।’
এই কথাগুলো লেখার পরই পাওনাদারদের একটি তালিকা রুকুনুজ্জামান রাজীব স্ত্রীকে লিখে পাঠান। লেখেন, ‘এগুলো আমার ধার করা টাকা। তুমি স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো ঋণ শোধ করতে হবে।’
সিলভিয়াকে শিপিং অফিস থেকে ফোন দিয়ে বলা হয়েছে এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ কথা স্বামীকে জানানোর পর রুকুনুজ্জামান রাজীব বলেন, ‘কোনো বিশ্বাস নাই।...বিএসসি তাঁদের জাহাজের চিন্তা করছে।’
বাংলাদেশ শিপিং করপোরেশনের পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় ২৪ ফেব্রুয়ারি। তখন থেকে স্বামীর সঙ্গে নিয়মিত কথা বলছেন স্ত্রী সিলভিয়া জাহান।
সিলভিয়া জাহান প্রথম আলোকে বলেন, পোঁছার সময় থেকেই যুদ্ধ। সেদিন রাতে রাজীব বলছে, সকালে জাহাজ বন্দর থেকে ফেরত আসবে। কিন্তু সীমান্ত বন্ধ করে দেওয়ায় আসতে পারেনি। এই এক সপ্তাহে নাবিকেরা উদ্ধারের আহ্বান জানাচ্ছেন। কিন্তু কেউ উদ্ধার করতে যায়নি।
রুকুনুজ্জামান রাজীবের বরাত দিয়ে সিলভিয়া জাহান বলেন, ‘তোমরা যেভাবে পারো আমাদের বাঁচাও। আমরা যারা আছি এই জাহাজে, সবার ফ্যামিলি এক হও। প্রেস কনফারেন্স করো। তোমাদের ফ্যামিলি ফেরত চাও।’
দীর্ঘ সময় স্বামীর পুরো খোঁজখবর নিতে না পারায়, মুঠোফোনে কথা বলতে না পারায় উদ্বেগ ভর করেছে সিলভিয়ার ওপর। তিনি বলেন, ‘আবার যদি কোনো হামলা না-ও হয়, তখন তাঁরা খাবারের অভাবে পড়বেন। জাহাজের ভেতরে হিটার নষ্ট হওয়ায় সেখানে রান্না করতে পারছেন না। তাঁদের একটাই আকুতি, তাঁরা জাহাজটা লিভ (ত্যাগ) করতে চান। ল্যান্ডে (ভূমিতে) যেতে চান।’
বর্তমানে তাঁরা ইঞ্জিন রুমের মধ্যে আছেন বলে জানান সিলভিয়া ।
এদিকে জাহাজটির একজন প্রকৌশলীর স্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি স্বামীর সর্বশেষ অবস্থার বিস্তারিত জানতে পারছেন না। বলেন, ‘ওঁদের ওইখানে বিদ্যুৎ নাই। দুই-তিন ঘণ্টা পর মেসেজ শুধু মেসেজ (বার্তা) দেয়, “হ্যাঁ, ভালো আছি।” এর বেশি কিছু বলছেন না।’