ইউজিসি উচ্চ শিক্ষা কমিশন হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১১ ও ২০১২’ প্রদান অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসির কর্মকর্তারা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: বাসস
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১১ ও ২০১২’ প্রদান অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসির কর্মকর্তারা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: বাসস

উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণে (মনিটরিং) সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) উচ্চশিক্ষা কমিশনে (এইচইসি) রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে তুলে আনতে উচ্চশিক্ষা ‘অ্যাক্রিডেশন কাউন্সিল’ গঠনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সরকার উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও বহুমাত্রিক ধারায় বিকশিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১১-১২ সালে শীর্ষস্থান অর্জনকারী বিভিন্ন অনুষদ ও বিভাগের ১৬৬ জন শিক্ষার্থী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহণ করেন। স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য নারী সদস্য থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম স্বাগত ভাষণ দেন। এ ছাড়া স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ছাত্রী অথৈ নিলিমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন-অর-রশিদ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের ‘সোনার ছেলে’ আখ্যায়িত করে তাঁদের ভবিষ্যতের কর্মজীবনে দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে সততা, নিষ্ঠা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ২০১০ সালে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই সরকারের দুই মেয়াদে গত সাত বছরে দেশে ১১টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৩৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটিসহ আরও চারটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব যাঁরা নিয়ে আসছেন, তাঁদের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করার এবং ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় করার নির্দেশনা দিচ্ছে সরকার।
গ্রাম ও রাজধানীর অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে সরকার জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল রাজধানী নয়, সারা দেশ। এখানে লক্ষ্য রাখতে হবে, দেশের সর্বত্র শিক্ষার সুযোগ তৈরি করা। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সরকারের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী বলেন, মা-বাবার চোখের সামনে থেকে ছেলেমেয়েরা লেখা-পড়ার সুযোগ পেলে তাদের মেধা বিকাশের সুযোগ বাড়বে। শিক্ষার্থীদের সাহিত্য ও বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষকসমাজকে জ্ঞান বিতরণে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সম্মানিত শিক্ষকেরা সমাজের বিবেক। তাই শিক্ষকসমাজ সব ধরনের প্রভাব ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে জ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করবেন, সেটাই আমাদের প্রত্যাশা।’ প্রধানমন্ত্রী বলেন, এখন প্রতিযোগিতার যুগ। তাই ছাত্র-ছাত্রীদের শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবীয় যোগাযোগ, শিল্প, বাণিজ্যসহ সব ক্ষেত্রে মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।