ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট ১২১৭ কোটি টাকা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক হাজার ২১৭ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ইউজিসির ১২০তম পূর্ণ কমিশনের সভায় গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত এই বাজেট অনুমোদন করা হয়।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ অর্থবছরের জন্য এক হাজার ২৬ কোটি ৯১ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১০-১১ অর্থবছরের জন্য এক হাজার ২০৪ কোটি ৯৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে সভায় ইউজিসির ২০০৯-১০ অর্থবছরের জন্য ১০ কোটি ১১ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১০-১১ অর্থবছরের জন্য ১২ কোটি চার লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেটও অনুমোদন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য এহসানুল হক, আবদুল হাকিম, তাজুল ইসলাম, আমেনা বেগম, আতফুল শিবলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহিদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।