ইউজিসি কর্মকর্তাসহ তিনজন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) আহাদ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম সিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।
গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ওমর সিরাজসহ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। বাকি দুজন হলেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভান্ডাররক্ষক রেজাউল করিম ও তাঁদের সহযোগী ঈশান ইমতিয়াজ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মেডিকেলে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি করে পাস করিয়ে দিতে চুক্তিবদ্ধ হতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে পাবলিক সার্ভিস পরীক্ষা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা হয়।
এই তিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, শুক্রবার সারা দেশে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যালয় থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চলতি বছরের জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ২৩টি উত্তরপত্র, একই পরীক্ষার দুটি প্রশ্নপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল, বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেপ্তারের পর ওমর সিরাজ ও রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে নিজ নিজ কর্তৃপক্ষ।