ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল শনিবার সকালে নগরের খুলশী এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ‘সামার-২০১৫’ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম এনামুল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান।
আবদুল মান্নান বলেন, বিশ্বায়নের যুগে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করার কোনো বিকল্প নেই। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে।
ইউজিসিকে বিশ্ববিদ্যালয়গুলোর তদারককারী প্রতিষ্ঠান উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার কর্তৃক প্রণীত আইনি কাঠামোর মধ্যে কাজ করতে হবে এবং একাডেমিক মানোন্নয়নের দিকে নজর দিতে হবে।