ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ইউজিসিকে আরও শক্তিশালী ও কার্যপোযোগী করতে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিলও জাতীয় সংসদে পাস হয়েছে।
মন্ত্রী দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী ভর্তি, টিউশন ফিসহ অন্যান্য ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নুরুল ইসলাম নাহিদ। তবে তিনি বলেন, তাঁরা চান না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হোক। এগুলো বন্ধ করে দেওয়াও তাঁদের উদ্দেশ্য নয়। যাঁরা একান্তই কোনো অসৎ উদ্দেশে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইনি বিধিবিধান মানতে চান না, তাঁদের আইনি পথে বাতিল করতে বাধ্য হবেন।
বিশেষ অতিথির বক্তৃতায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতার অভাব রয়েছে, যা কাম্য নয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কতটুকু জ্ঞান নিয়ে বাড়ি ফিরছেন, সেটাই বড় বিবেচ্য বিষয়।
এবারে সমাবর্তন বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জন উড। সমাবর্তনে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিক এম চৌধুরী প্রমুখ। এবার মোট ৩ হাজার ১৭৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলের জন্য তিন শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণপদক দেওয়া হয়। তাঁরা হলেন ব্যবসায় শিক্ষা অনুষদের মোস্তফা কামাল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আবিদুল হক তরফদার এবং কলা ও মানবিক অনুষদের রাবেয়া আখতার।