ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের চেষ্টার প্রতিবাদ

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে উচ্চশিক্ষা কমিশন আইনের খসড়া অনুমোদনের প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশে চারটি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময় অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সেই স্বায়ত্তশাসনকে সংকুচিত করা হয়েছে। উচ্চশিক্ষা কমিশন হলে ওই সব বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম গণতান্ত্রিক চরিত্রটুকুও থাকবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, সিলেবাস নির্ধারণসহ সব কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক-ছাত্রদের গণতান্ত্রিক মতামতের কণ্ঠরোধ করবে।
ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তীর পাঠানো ওই যুক্ত বিবৃতিতে বলা হয়, অতীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ ফি নেওয়া, পূর্ণকালীন শিক্ষক নিয়োগ না করা, উপাচার্য, সহ-উপাচার্য ছাড়াই বিশ্ববিদ্যালয় পরিচালনা করার মতো বিষয়ে ইউজিসি কোনো ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে উচ্চশিক্ষা কমিশনও কোনো ভূমিকা পালন করতে পারবে না। উল্টো এই সিদ্ধান্তের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হবে।