ইউজিসিতে দেওয়া হলো আরেক হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথি নিবাসের জন্য ঢাকায় কেনা জমির দাম নিয়ে তিন রকম তথ্য পাওয়া গেছে। গরমিলগুলো পাওয়া যায় নিবন্ধিত দলিল, সিন্ডিকেটে অনুমোদিত চুক্তিপত্রে এবং ইউজিসিকে দেওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যায়।
গত রোববার ‘জমি কেনা নিয়ে নয়ছয়’ শিরোনামে প্রথম আলোয় খবর প্রকাশিত হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানের স্বাক্ষর রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. এন্তাজুল হক বলেন, গত সোমবার তাঁরা চিঠির জবাব দিয়েছেন। ওই দিন সাংবাদিকদের জমিসহ ফ্ল্যাট ক্রয়-প্রক্রিয়ার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যার কপি ইউজিসিতে পাঠানো হয়েছে। একই কপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ই-মেইল করা হয়।
ব্যাখ্যা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমিসহ ফ্ল্যাট কিনেছে। সব মিলিয়ে এর দাম ধরা হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রতি বর্গফুট ৭ হাজার ৯০০ টাকা দরে ১২ হাজার ৮৯৬ বর্গফুট ফ্ল্যাটের দাম ধরা হয়েছে ১০ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।
অথচ নিবন্ধিত দলিলে জমির মূল্য দেখানো হয়েছে সাড়ে তিন কোটি টাকা। এতে কোনো স্থাপনার উল্লেখ নেই। দলিল নিবন্ধনের ৩৬ দিন পরে যখন চুক্তিপত্র করা হয়, তখন চুক্তিপত্রে আলাদা করে জমির দাম ১১ কোটি টাকা এবং ফ্ল্যাটের দাম ২ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়। সেই জমিতেই সাত তলাবিশিষ্ট ফ্ল্যাটের দাম দেখানো হয় ২ কোটি ২৫ লাখ টাকা। এই চুক্তিপত্রটি সিন্ডিকেটে অনুমোদনও করা হয়।
জমির বিক্রেতা খালিদ মাহমুদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পাদিত দলিলে জমির শ্রেণির ঘরে পরিষ্কার লেখা আছে ‘স্থাপনাবিহীন বাড়িভূমি’। আর জমির দাম দেখানো হয়েছে সাড়ে তিন কোটি টাকা।
এই তিন ধরনের দাম দেখানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমি বলতে পারব না। ওইটা আমি দেখিনি। যে প্রক্রিয়ায় কাজ হয়েছে তার সবটা আমরা লিখিতভাবে দেখিয়েছি।’