বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগ চালুর সিদ্ধান্ত।
জানা গেছে, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ২০১০ সালে ‘ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস’ নামে একটি মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। এরই ধারাবাহিকতায় এই বিষয়ে আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে ‘ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস’ নামেই বিভাগ খোলার সিদ্ধান্ত হলেও পরে সেটি পরিবর্তন করে ক্রিমিনোলজি বা অপরাধবিজ্ঞান করার সিদ্ধান্ত হয়। এরপর কর্তৃপক্ষ সব প্রক্রিয়া শেষ করে অনুমোদনের জন্য গত জুলাইয়ে ইউজিসির কাছে চিঠি পাঠায়।
ইউজিসির একজন কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী পুরোনো বিশ্ববিদ্যালয়ে বছরে সর্বোচ্চ দুটি বিভাগ খোলার অনুমোদন দেওয়া যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আরও বেশি বিভাগের অনুমোদন পেয়েছে। এ জন্য অপরাধবিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।